Home » মালদ্বীপে অনিয়মিত অভিবাসীদের নিয়মিত করার অনুরোধ বাংলাদেশের

মালদ্বীপে অনিয়মিত অভিবাসীদের নিয়মিত করার অনুরোধ বাংলাদেশের

আমিনুল হক, হাকিকত নিউজ, ঢাকা :  মালদ্বীপের বিদেশমন্ত্রী আব্দুল্লা শহীদ ৮ থেকে ১১ ফেব্রুয়ারি ঢাকা সফর করেন। এসময় দুই বিদেশমন্ত্রী বৈঠককালে মালদ্বীপে থাকা অনিয়মিত বাংলাদেশি অভিবাসীদের নিয়মিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।  সফর শেষে একটি যৌথ ইশতেহার বিষয়টি উল্লেখ করা হয়। দুই মন্ত্রীর বৈঠকে ড. একে আব্দুল মোমেন অনিয়মিত কর্মীদের বৈধ করার লক্ষ্যে ২০১৯ সালে মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রকের থেকে চালু হওয়া ‘নিয়মিতকরণ কর্মসূচি’র প্রশংসা করেন। ড. মোমেন মালদ্বীপ সরকারকে বাকি অনিয়মিত বাংলাদেশি প্রবাসীদের শিগগিরই বৈধ করার অনুরোধ জানান। আগামী মার্চে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহের ঢাকা সফর নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের তরফে পাঠানো এক যৌথ ইশতেহারে এ তথ্য জানানো হয়েছে। ঢাকা সফরকালে ১০ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন মালদ্বীপের বিদেশমন্ত্রী। ড. একে আব্দুল মোমেনের সঙ্গে ৯ ফেব্রুয়ারি দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। একই দিনে দু’দেশের মধ্যে দু’টি  সমঝোতা স্মারক সই হয়। বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে সরাসরি জাহাজ চলাচল চুক্তির বিষয়টি নিয়েও আলোচনায় এই চুক্তি হতে পারে এমন ঐক্যমত্যে পৌছেন।  ঢাকা সফরকালে মালদ্বীপের বিদেশমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তার দেশের সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে বলে জানান। মালদ্বীপের বিদেশমন্ত্রী ঢাকা সফরকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরও পরিদর্শন করেন।